ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন হইলুন্ড, স্থায়ী চুক্তিতে নাপোলিতে যোগ

 


ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রাসমুস হইলুন্ডকে এবার স্থায়ীভাবে দলে নিল নাপোলি। দুই ক্লাব মিলে এক যৌথ ঘোষণায় জানায়, ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে এই চুক্তি হয়েছে। গত মৌসুমেই নাপোলিতে ধারে খেলছিলেন ডেনমার্কের এই স্ট্রাইকার, পারফরম্যান্সে সবাই মুগ্ধ। তাই আর দেরি করেনি নাপোলি।


২৩ বছর বয়সী হইলুন্ড মাঠে নামা মানেই কিছু না কিছু হয়ে যেত। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ১৬টা গোল করেছিলেন তিনি। তার জোরেই সুপারকোপা ইতালিয়ানা জেতে নাপোলি, সিরি আ-তে শেষ করে রানার্সআপ হয়ে।


হইলুন্ডের পথটা খুব সহজ ছিল না। ২০২৩ সালে আটালান্টা ছেড়ে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইউনাইটেডের জার্সিতে ৯৫ ম্যাচে ২৬ গোল তুলেছেন। এরপর এফএ কাপ জয়ের স্বাদটাও পেয়েছেন। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন।

২০২৫-২৬ মৌসুমের শুরুতে ধারে ইতালিতে ফেরেন তিনি। সেই এক মৌসুমেই মন কেড়ে নেন নাপোলি কর্মকর্তাদের। এবার তাই স্থায়ী চুক্তিতে দলে ভেড়াল ইতালিয়ান ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “ক্লাবের সবাই রাসমুসের ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছে।"

Previous Post Next Post